রংপুর বিভাগীয় কমিশনার
২০৩০ সালের মধ্যে শতভাগ নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করবে সরকার
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো

২০৩০ সালের মধ্যে শতভাগ নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম। একই সময়ের মধ্যে ৮০ ভাগ নিরাপদ পাবলিক টয়লেট নিশ্চিত করা হবে। এক্ষেত্রে জবাবদিহিতার মাধ্যমে বিদ্যমান সম্পদের সর্বোচ্চটা ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা-২০২৬ ও ওয়াশ সেক্টরের জন্য উন্নয়ন পরিকল্পনাবিষয়ক ২০২৬-২০৪০ বাস্তবায়ন ও অবিহতকরণের লক্ষে কর্মশালার আয়োজন করা হয়।
বিভাগীয় কমিশনার বলেন, পাবলিক টয়লেট নীতিমালায় ট্রানজিট এলাকা, প্রতিষ্ঠানিক, জনসমাগম, নিম্ন-আয়ের কমিউনিটি পাবলিক, অনুষ্ঠানভিত্তিক এবং জরুরি অবস্থায় ব্যবহৃত পাবলিক টয়লেট নিশ্চিত করতে হবে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার মাধ্যমে বিদ্যমান সম্পদ ব্যবহার করেই সরকারের এই নীতিমালা বাস্তবায়নের ওপর তাগিদ দেন তিনি।
কর্মশালায় রংপুর বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক আবু জাফরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট অধিশাখার উপসচিব সুয়েমেন জো, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মৌসুমী আফরিদা, জেলা প্রশাসক ইসরাত জাহান, মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোরশেদ আলম, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, সিনিয়র তথ্য কর্মকর্তা শাহজাহান আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল পরিচালক প্রফেসর আব্দুল মাজেদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম মহসিন, জনস্বাস্ব্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পংকজ কুমার সাহা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ সোহেল, পানি উন্নয়নের বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামসহ ৩৮টি সরকারি দপ্তর, ১০টি এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন। এ সময় নীতিমালা দুটির বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন বক্তারা।
