রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৮৫ জন গ্রেপ্তার
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৮৫ জনকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গত ১৫ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে সোমবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল মঙ্গলবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, এই সময়ে রেঞ্জাধীন এলাকায় কোনো খুন, খুনসহ ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার সুরক্ষা আইনে কোনো মামলা হয়নি। তবে এ সময় ৩টি চুরির ঘটনা রেকর্ড করা হয়েছে এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রমে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অপমৃত্যুর ৫টি ঘটনা ঘটেছে। অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ও মাদক উদ্ধার নিশ্চিত করতে গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালিত হয়েছে। পুলিশের এই সাঁড়াশি অভিযানে গ্রেপ্তারকৃত ১৮৫ জনের মধ্যে পরোয়ানামূলে ৭০ জন, সাজাপ্রাপ্ত ১০ জন, তদন্তাধীন মামলায় ১০২ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য ৩ জন রয়েছেন। এছাড়া মাদকবিরোধী অভিযানে ১৭ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ১৩৩ পিস ইয়াবা, ১৩০ পিস টাপেন্টাডল, ৮২৫ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদ এবং ১৬ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়। তবে এই সময়ে কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি। অন্যদিকে, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণকে দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মোট ১০১০ জন নাগরিককে পুলিশি সেবা প্রদান করা হয়েছে।
