রাজশাহীর বাজারে পর্যাপ্ত শীতকালীন সবজি স্বস্তিতে ক্রেতারা
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। এতে নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। প্রয়োজন অনুযায়ী সবজি কিনতে পারছেন ক্রেতারা।
খোঁজ নিয়ে জানা গেছে, নভেম্বরের শুরু থেকেই নিত্যপ্রয়োজনীয় প্রায় সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। আলু, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, মুলা, লালশাক, পালংশাক, শিম, শালগম, ফুলকপি, মটরশুঁটি, গাজর, ধনিয়াপাতা ও ব্রকলিসহ বিভিন্ন সবজি এখন তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে।
রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর, সাহেববাজার, কোর্ট স্টেশন বাজার, হড়গ্রাম, নওদাপাড়া, উপশহর, নিউমার্কেট, তালাইমারী, বিনোদপুর, খড়খড়ি, শালবাগান, বউবাজার, তেরখাদিয়া ও মালদা কলোনিসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন ৮০ টাকা, আলু ২০ টাকা, ফুলকপি ২০ টাকা, লাউ ২৫ থেকে ৩০ টাকা, মুলা ২০ থেকে ৩০ টাকা, লালশাক ২০ থেকে ২৫ টাকা, বাঁধাকপি ২০ থেকে ২৫ টাকা, পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, পেঁয়াজের ফুলকা ২০ থেকে ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৫০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা এবং শিম ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রকলি প্রতিটি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে এখন শিম, করলা ও বেগুনের দাম কিছুটা বেশি থাকলেও অন্যান্য অধিকাংশ সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে।
নগরের লক্ষ্মীপুর বাজারে সবজি কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, গত মাসেও এসব সবজির দাম বেশি ছিল। নভেম্বরের শুরু থেকে ধীরে ধীরে দাম কমতে শুরু করে। চলতি সপ্তাহে সবজির দাম আরও কমেছে। শীতকালে সবজির উৎপাদন বেশি হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে এবং সবজির দাম কমেছে। সবজি কিনতে আসা সুমাইয়া নামের এক নারী ক্রেতা বলেন, এখন প্রায় সব ধরনের সবজির দাম কম। প্রয়োজন অনুযায়ী কেনা যাচ্ছে। কিছুদিন আগেও সবজির দাম অনেক বেশি ছিল।
রবিন নামের আরেক ক্রেতা বলেন, সবজির দাম কমায় এখন প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করতে পারছেন।
