হায়ার এডুকেশন ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিংয়ে গাকৃবি দেশসেরা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা ও গবেষণাবিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিং ২০২৭-এ দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। একই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় স্থান অধিকার করে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা অঙ্গনে নিজেদের অগ্রযাত্রার আরেকটি উজ্জ্বল স্বাক্ষর রাখল বিশ্ববিদ্যালয়টি। আন্তর্জাতিক পরিমণ্ডলেও ৩৫১-৪০০তমর গৌরবময় অবস্থান নিশ্চিত করে গবেষণার উৎকর্ষ, বহুমাত্রিক জ্ঞানচর্চা ও গুণগত গবেষণায় নিজেদের ক্রমবর্ধমান সক্ষমতার পরিচয় দিয়েছে সেন্টার অব এক্সিলেন্স খ্যাত গাকৃবি। গত বুধবার টিএইচই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করে। এবারের মূল্যায়নে বিশ্বের ১০২টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৫৮টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে। আন্তর্জাতিক এ স্বীকৃতি গাকৃবির গবেষণার ক্রমবর্ধমান সক্ষমতা, আন্তঃবিষয়ক জ্ঞানচর্চা এবং বৈশ্বিক উচ্চশিক্ষা অঙ্গনে এগিয়ে যাওয়ার অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
