সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিলেট ব্যুরো
সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৩ জনে। গতকাল বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া শিশুরা হলো, হবিগঞ্জের লাখাই উপজেলার নিজাম উদ্দিনের সাত মাস বয়সি ছেলে ইরফান, সুনামগঞ্জের ছাতক উপজেলার আব্দুল হকের আট মাস বয়সি মেয়ে খুদেজা এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাওসারের আট মাস বয়সি ছেলে মাহিন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০ জন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৯৫, সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ১ হাজার ৮০৬ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে আক্রান্ত ৫৫৫ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৬৯ এবং বেসরকারি হাসপাতালে ৮৬ জন চিকিৎসা নিচ্ছেন।
