
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে পাশা (৪০) ও রঞ্জিতকে (৪৫) নামে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে সদর উপজেলার ফতুল্লার ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের ৫২ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত ওরফে রতনকে আটক করা হয়েছে বলে জানান ফতুল্লা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আবু রায়হান নূর। এ বিষয়ে আটক ডাইং মালিক রতন মিয়ার ছেলে আসিফ জানান, ধারণা করা হচ্ছে কোনো স্থান দিয়ে পাইপ লিকেজ হয়ে গ্যাস কারখানার অফিস রুমে জমাট হয়েছিল। রাত ২টার দিকে দুই শ্রমিক অফিস রুমে গিয়ে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ হয়েছে। এতে অফিস কক্ষের কাচের গ্লাসের দরজা জানালা ভেঙ্গে গেছে। একই সঙ্গে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন স্থানীয় বাসিন্দাদের বরাতে জানান, রাত ২টার দিকে কারখানায় বিকট শব্দ শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে যান। এ সময় তারা কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান। পরে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।