কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
শিক্ষার্থীদের লেখালেখি ও শিক্ষকদের পাঠদানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ছে। এতে শিক্ষার্থীদের কাজের মূল্যায়ন ও একাডেমিক সততা রক্ষায় নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এআইয়ের ব্যবহার নিষিদ্ধ না করে দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়লেও শিক্ষায় মানুষের বিচারবোধ, মানবিকতা ও নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে। শুক্রবার রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে '১২তম বেল্টা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মামুন আহমেদ বলেন, শিক্ষার্থীরা লেখালেখিতে এআইয়ের সহায়তা নিচ্ছে।
তাই প্রযুক্তি শ্রেণিকক্ষে আসবে কি না, সেটি এখন আর মূল প্রশ্ন নয়। বরং কীভাবে দায়িত্বশীল, ন্যায়সংগত ও নৈতিকভাবে এর ব্যবহার নিশ্চিত করা যায়, সেটিই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের কাজের মূল্যায়ন ও একাডেমিক সততা রক্ষার উপায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে আলোচনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কম সুযোগ-সুবিধা পাওয়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন প্রযুক্তির সুবিধা থেকে পিছিয়ে না পড়ে, সেদিকে নজর দেওয়ার কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল 'ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন আ ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড: পোস্টহিউম্যানিস্ট পারসপেক্টিভস অ্যান্ড প্র্যাকটিসেস'। এ প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান বলেন, যুদ্ধ, মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন ও বৈষম্যের পাশাপাশি বিশ্ব প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এআই জ্ঞান উৎপাদন, শিক্ষার্থীদের লেখালেখি ও শিক্ষকদের পাঠদানের পদ্ধতিতে পরিবর্তন আনছে। পোস্টহিউম্যানিস্ট দৃষ্টিভঙ্গি অনুযায়ী, শিক্ষা শুধু শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে প্রযুক্তি, ডিজিটাল প্ল্যাটফর্ম, পাঠ্যবস্তু ও শিক্ষার পরিবেশও যুক্ত। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
