ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বক্তব্য সঠিকভাবে উপস্থাপনের আহ্বান

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সম্প্রতি দুটি মর্মান্তিক রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে নিহতদের স্বজন ও প্রতিবেশীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় নড়াইলে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মকর্তার বক্তব্য কয়েকটি গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। পরিলক্ষিত হয়েছে যে, কোনো কোনো গণমাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা না বলেই তার নামে বক্তব্য প্রকাশ করা হয়েছে। আবার কিছু ক্ষেত্রে কর্মকর্তার বক্তব্যের আংশিক বা অসঙ্গত ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্রের চেয়ে অতিরঞ্জিত তথ্য পরিবেশন করা হয়েছে। এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের যথার্থতা ও প্রেক্ষাপট সঠিকভাবে যাচাই করা হয়েছে কি না, সে বিষয়ে প্রশ্নের অবকাশ রয়েছে। অগ্নিকাণ্ড, দুর্ঘটনা কিংবা স্পর্শকাতর যেকোনো ঘটনায় যাচাইবিহীন বা অতিরঞ্জিত তথ্য প্রচার জনমনে অযথা আতঙ্ক, উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে; যা সামাজিক স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। প্রচারসংখ্যা বা পাঠকপ্রিয়তার প্রতিযোগিতায় দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা কোনোভাবেই উপেক্ষিত হওয়া উচিত নয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি