আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশের তরুণ প্রজন্মের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬। গত শুক্রবার আয়োজিত এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৮০টিরও বেশি দল অংশগ্রহণ করে। আইইউবিএটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র (আইআইইসি) এবং জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে রোবোটিকস, বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলভিত্তিক উদ্ভাবনী চিন্তার বিকাশ, বাস্তব সমস্যার সমাধানে প্রযুক্তির প্রয়োগ এবং গবেষণামুখী মনোভাব গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক মাহমুদুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন এবং যন্ত্রকৌশল বিভাগের চেয়ার অধ্যাপক ড. দেওয়ান মুহাম্মদ নুরুজ্জামান; মিয়ান রিসার্স ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহা এবং আইআইইসির পরিচালক ড. নাঈম হোসেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
