চট্টগ্রামে চোলাই মদ খেয়ে দুই বন্ধুর মৃত্যু, একজন আইসিইউতে

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় অতিরিক্ত চোলাই মদ পানে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানো হয়েছে। গতকাল সোমবার বিষয়টি জানাজানি হলেও ঘটনাটি ঘটে মূলত গত শনিবার রাতে। চান্দগাঁও থানার মধ্যম মোহরা খেজুরতলা এলাকায় ঘটে এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

ঘটনায় নিহতরা হলেন— উজ্জ্বল ঘোষ ও নান্টু ঘোষ। একই ঘটনায় সুদিপ্ত দত্ত, সরোজ বৈদ্য ও বিধান মহাজন নামে তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে সুদিপ্তকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যম মোহরার মগধেশ্বরী মন্দির এলাকায় জগধাত্রী প্রতিমা বির্সজন শেষে মদ খেতে বসেন পাঁচজন। কিন্তু চোলাই মদের বিষক্রিয়ায় মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়েন সবাই। পরে স্থানীয়দের সহযোগিতায় সবাইকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।