ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সোয়াত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পাকিস্তানের সোয়াত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হুসনুল আমিন গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল আমিন, সহযোগী অধ্যাপক এ কে এম ইফতেখারুল ইসলাম এবং প্রভাষক মো. আব্দুল মুহিত উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের সোয়াত বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের বিষয়ে আলোচনা করা হয়। গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও গবেষণালব্ধ তথ্য বিনিময়ের ওপর তারা গুরুত্বারোপ করেন। এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তারা ঐকমত্য পোষণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি