লিভার ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট সর্বাধুনিক কার্ডিওভাস্কুলার ও স্ট্রোক চিকিৎসাসেবায় নতুন দিগন্ত
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বিশ্বমানের আধুনিক কর্পোরেট চিকিৎসাসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সার্ভিস সেন্টারগুলোতে বিশেষায়িত সেবা প্রদানের জন্য ১ হাজার ৪শত ১০ কোটি ৭ লক্ষ ৮৮ হাজার ৯শত ৮৩ টাকা ৩৩ পয়সা জরুরি ভিত্তিতে বিশেষ বরাদ্দ চেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড কর্তৃপক্ষ। গতকাল সোমবার প্রয়োজনীয় যৌক্তিকতা ও বিস্তারিত তথ্য সম্বলিত জরুরি ভিত্তিতে বিশেষ বরাদ্দের আবেদনের কপি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, এমপি, মহোদয়ের কাছে তুলে দেন বিএমই সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। এর ফলে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালুর কার্যক্রমে নতুন গতি পেল। এই হাসপাতালটি পূর্ণাঙ্গরূপে চালু হলে লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, সর্বাধুনিক কার্ডিওভাস্কুলার ও স্ট্রোক চিকিৎসাসেবাসহ বিশেষায়িত জরুরি চিকিৎসা, বন্ধ্যাত্ব এবং বিশেষায়িত নারী, মাতৃ ও শিশু চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। হাসপাতালটিতে থাকছে সিসিইউ, আইসিইউ, এনআইসিইউসহ বহুল কাঙ্ক্ষিত শিশুদের আইসিইউ পিআইসিইউ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
