রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৫৬ জন গ্রেপ্তার
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৫৬ জনকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে এ ১৫৬ জনকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করে।
গত সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল মঙ্গলবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় দায়ের হওয়া মোট ৫৭টি মামলার মধ্যে খুনের ঘটনা ২টি, দস্যুতা ১টি, চুরি ২টি, নারী ও শিশু নির্যাতন ২টি এবং অন্যান্য খাতে মামলা রয়েছে ৫০টি। তবে খুনসহ ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন ও দ্রুত বিচার আইনে কোনো মামলা হয়নি। এ ছাড়া এ সময়ে সাতটি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ১৫৬ জনের মধ্যে পরোয়ানা মূলে ৫৪ জন, সাজা প্রাপ্ত ১৫ জন, তদন্তাধীন মামলায় ৮১ জন এবং অন্যান্য (প্রতিরোধমূলক) কারণে ৬ জন রয়েছেন। এর মধ্যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার হয়েছেন ১৭ জন। গ্রেপ্তার ও উদ্ধার অভিযানের অংশ হিসেবে রেঞ্জ জুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান চলাকালে এসআরবি কর্তৃক ২টি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন এবং বিজিবি কর্তৃক ১৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্যের মধ্যে ২০ গ্রাম হেরোইন, ১১০ পিস ইয়াবা, ২০ পিস ট্যাপেন্টাডল, ৫০০ গ্রাম গাঁজা, ২৫ লিটার চোলাই মদ ও ২৫ লিটার ওয়াশ জব্দ করা হয়েছে। তবে কোনো চোরাচালান পণ্য উদ্ধারের তথ্য প্রতিবেদনে উল্লেখ নেই।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি পুলিশি সেবা কার্যক্রমেও গতিশীলতা দেখা গেছে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২ জন এবং চলতি মাসে এ পর্যন্ত মোট ২১ হাজার ৯৮৬ জন সেবাগ্রহীতা পুলিশি সেবা গ্রহণ করেছেন।
