কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ
বাঁচানো গেল না সানজিদাকে
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সানজিদা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে (২০) লড়ে অবশেষে হার মানলেন। তার মৃত্যুতে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সানজিদা। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এর আগে মারা গেছেন দগ্ধ ইফতি সাবা ও তার ছেলে আরিস রহমান মাহাদ (১)। এই ঘটনায় মাহাদের বাবা আব্দুর রহমান মানিক ৬ শতাংশ ও সানজিদার মা সামসুন্নাহার ৪০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালটিতে ভর্তি আছেন। জানা গেছে, গত ১৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সানজিদার শরীরের ৩৭ শতাংশ পুড়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিলেন তিনি। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সানজিদা।
