থাই বিশেষজ্ঞদের সঙ্গে GENESENN-Rejuva এর নতুন যাত্রা
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ডের GENESENN Group এবং বাংলাদেশের Rejuva Wellness-এর যৌথ উদ্যোগে দেশের ওয়েলনেস ও সুস্থ দীর্ঘায়ু (হেলদি লংজিভিটি) খাতকে এগিয়ে নেওয়ার লক্ষ্য ঘোষণা করা হয়েছে। গতকাল রাজধানীর আদাবর শাখায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই যৌথ অংশীদারত্বের আনুষ্ঠানিক রূপরেখা তুলে ধরা হয় এবং একই অনুষ্ঠানে 'GENESENN Corner'-এর উদ্বোধন করা হয়।
ব্যাংককে ইতিপূর্বে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের (MoU) ভিত্তিতে এই সহযোগিতা গড়ে উঠেছে। এর মূল লক্ষ্য হলো থাই বিশেষজ্ঞদের আন্তর্জাতিক অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের স্থানীয় চাহিদা ও পেশাগত দক্ষতার সমন্বয় ঘটানো। প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যশিক্ষা, পেশাগত জ্ঞান বিনিময় এবং দায়িত্বশীল স্বাস্থ্যচর্চার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে GENESENN Group-এর আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক ডা. এ. কে. এম. শাহরিয়ার ধাপে ধাপে এই সহযোগিতা গড়ে তোলার ভবিষ্যৎ রূপরেখা উপস্থাপন করেন। Rejuva Wellness-এর প্রতিষ্ঠাতা ডা. তৌহিদা রহমান ইরিন নারী, পরিবার ও কমিউনিটির জন্য সহজবোধ্য স্বাস্থ্যশিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. বি. এ. সাদিক স্থানীয় সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যচর্চার অভিন্ন মান উন্নয়নে এই অংশীদারত্বের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন GENESENN Group-এর প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. ওহম সুধচুমফে (Dr. Ohm Sudchumphae)। তিনি তাঁর বক্তব্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা এবং ব্যক্তিভিত্তিক স্বাস্থ্য পরিকল্পনায় প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অংশীদার প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, তাঁদের ভবিষ্যৎ কার্যক্রম অত্যন্ত পরিকল্পিতভাবে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এ ছাড়া যেকোনো নতুন চিকিৎসাসেবা চালুর পূর্বে পৃথক পেশাগত পর্যালোচনা এবং প্রযোজ্য নিয়ন্ত্রক অনুমোদন গ্রহণ নিশ্চিত করা হবে।
