তরুণদের আশার আলো দেখাচ্ছে প্রস্তাবিত ১২টি ফুটসাল মাঠ
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দ্রুত নগরায়ণ ও অবকাঠামো উন্নয়নের চাপে রাজধানীতে খোলা জায়গা ক্রমেই কমে আসছে। এমন পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) রাজধানীজুড়ে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়ানোর নতুন আশা জাগিয়েছে। প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নের লক্ষ্যে নেওয়া এ উদ্যোগের উদ্দেশ্য হলো এলাকাভিত্তিক ক্রীড়া সুবিধা গড়ে তোলা এবং ফুটবলসহ অন্যান্য বিনোদনমূলক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বাড়ানো।
ফুটসাল ফুটবলের দ্রুতগতির একটি সংস্করণ। প্রচলিত ফুটবল মাঠের চেয়ে ছোট জায়গায় দুই দলের পাঁচজন করে খেলোয়াড় নিয়ে সাধারণত এ খেলা অনুষ্ঠিত হয়। এতে দ্রু পাস দেওয়া, বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং, দলগত সমন্বয় এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশে ফুটসাল মাঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ করে ঘনবসতিপূর্ণ শহরাঞ্চলে, যেখানে প্রচলিত খেলার মাঠ ও খোলা জায়গার সংকট ক্রমেই বাড়ছে, সেখানে এ ধরনের সুবিধা বেশ কার্যকর হতে পারে।
ডিএনসিসির প্রস্তাব অনুযায়ী, নকশা ও জায়গার প্রাপ্যতা বিবেচনায় ১২টি মাঠে বিভিন্ন ধরনের সুবিধা থাকবে। এর মধ্যে সাতটিতে গ্যালারি এবং বাকিগুলোতে অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। আর একটিতে থাকবে শুধু খেলার জায়গা। প্রস্তাবিত স্থানগুলোর মধ্যে রয়েছে- ১২ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ ও খেলার মাঠ (লাল মাঠ), ৩৭ নম্বর ওয়ার্ডের বাড্ডা খেলার মাঠ, ৪৪ নম্বর ওয়ার্ডের পলাশিয়া খেলার মাঠ, ৪১ নম্বর ওয়ার্ডের বড় বেরাইদ খেলার মাঠ, ৪৬ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর খেলার মাঠ, ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের অধীনে দক্ষিণখানের দুটি খেলার মাঠ, ৬ নম্বর ওয়ার্ডের পূর্বাচল হাউজিং, পল্লবীর জহুরুল হক খেলার মাঠ (দ্বিতীয় পর্যায়); বারিধারা পার্ক, বনানী ব্লক-সি পার্ক, মোহাম্মদপুরের শ্যামলী পার্ক এবং রায়েরবাজারের বৈশাখি খেলার মাঠ।
ডিএনসিসির প্রকৌশল বিভাগের পরিবেশ শাখার সূত্র জানায়, সিটি কর্পোরেশন শুরুতে প্রকল্পটির জন্য প্রায় ৪৯ কোটি টাকার বাজেট তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দেয়। মন্ত্রণালয়ে একটি বৈঠকের পর প্রস্তাবটি পরবর্তী বিবেচনার জন্য পরিকল্পনা বিভাগে পাঠানো হয়েছে। এক মাসের মধ্যে ইতিবাচক ফল পাওয়ার আশা করছে ডিএনসিসি। ফুটবল কোচ জুলফিকার মাহমুদ মিন্টু এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ সামাজিক পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেন, উন্নত দেশগুলোতে এলাকাভিত্তিক খেলাধুলার এ ধরনের সুযোগ-সুবিধা প্রচলিত রয়েছে। তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখা যাবে, প্রতিটি পাড়া ও কমিউনিটিতে এ ধরনের সুবিধা রয়েছে। তিনি উল্লেখ করেন, ঢাকার শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য এখন খেলার মাঠের সংখ্যা খুবই কম, আমাদের স্কুলজীবনে স্কুল-কলেজে খেলার মাঠ ছিল। পাশাপাশি পাড়ায় ছিল বড় বড় খোলা মাঠ। কিন্তু আজকের ঢাকায় এ ধরনের মাঠ খুব একটা চোখে পড়ে না। খেলার মাঠের সংখ্যা কমে যাওয়ায় শিশুরা বাইরে খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অথচ তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত জরুরি। প্রস্তাবিত উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে মিন্টু পরামর্শ দেন, বিভিন্ন বয়সের মানুষের কথা বিবেচনায় নিয়ে ফুটসাল মাঠের পাশাপাশি হাঁটার পথও তৈরি করা যেতে পারে।
তিনি আরও বলেন, উদাহরণ হিসেবে, যদি ফুটবল টার্ফের পাশে হাঁটার পথ তৈরি করা হয়, তাহলে বয়োজ্যেষ্ঠরা সেখানে হাঁটাচলা ও ব্যায়াম করতে পারবেন, আর শিশুরা মাঠে খেলাধুলা করতে পারবে। এ ধরনের সুবিধা নিঃসন্দেহে কমিউনিটির ওপর উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে। বাড্ডার ৩৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলাশ চন্দ্র শীল প্রস্তাবিত ফুটসাল মাঠে সাধারণ মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, আমার প্রত্যাশা, ফুটবল মাঠটি নির্মাণের পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ও সুশৃঙ্খল প্রবেশাধিকার নিশ্চিত করা হবে। মাঠটি কোনো নির্দিষ্ট ক্লাব বা সংগঠনের ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। শিশু, কিশোর, তরুণ ও বয়োজ্যেষ্ঠসহ সব শ্রেণি-পেশার মানুষ নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ সুবিধা ব্যবহার করতে পারবেন- এমন ব্যবস্থা থাকতে হবে। তিনি বলেন, স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ তৈরি এবং উদীয়মান ফুটবল প্রতিভা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি মাঠের যথাযথ রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও কার্যকর ব্যবস্থাপনার ওপরও তিনি জোর দেন। তিনি আরও বলেন, আমরা চাই, এই ফুটসাল মাঠ শুধু ফুটবল খেলার জায়গা নয়, বরং কমিউনিটির মানুষের মেলামেশা ও সুস্থ বিনোদনের কেন্দ্র হয়ে উঠুক। সর্বোপরি, এটি যেন পুরো কমিউনিটির সম্পদে পরিণত হয়।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে তরুণদের বাড়ির কাছেই সংগঠিতভাবে খেলাধুলার সুযোগ তৈরি হতে পারে। তবে এর সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করবে যথাসময়ে বাস্তবায়ন, কার্যকর ব্যবস্থাপনা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সাধারণ মানুষের সাধ্যের মধ্যে প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর।
