বগুড়ায় নিহত স্কুলছাত্রের মাকে চাকরি দিলো সিটি কর্পোরেশন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বগুড়া প্রতিনিধি

বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যার ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বগুড়া সিটি কর্পোরেশন। নিহত গালিবের মা ইয়াসমিন খাতুনকে চাকরি দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নগর ভবনে সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন তার হাতে নিয়োগপত্র তুলে দেন। ইয়াসমিন খাতুন বগুড়া সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা। গত ১৯ নভেম্বর রাতে হামলার শিকার হয়ে স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব নিহত হয়। স্বামী ও সন্তানকে হারিয়ে একমাত্র মেয়েকে নিয়ে চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটছে ইয়াসমিনের। এমন পরিস্থিতিতে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে এ উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন।
নিয়োগপত্র প্রদানকালে সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, গালিব হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীরা বাংলাদেশ ব্যাংকের সামনে সড়ক অবরোধ করলে আমি সেখানে যাই। ওই সময় গালিবের মা ও স্বজনেরাও উপস্থিত ছিলেন। তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে সেদিনই গালিবের মাকে সিটি কর্পোরেশনে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম।
এম আর ইসলাম স্বাধীন বলেন, গালিবের বাবা জুলাই যোদ্ধা ছিলেন। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। পরবর্তী সময়ে চিকিৎসার জন্য তাদের পক্ষ থেকে সহযোগিতাও করা হয়েছিল। তবে তিনি মারা যান। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় গালিবও নিহত হয়। এ ঘটনায় শিক্ষার্থীরা বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছিল। সিটি প্রশাসক আরও বলেন, গালিব হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছিল। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান। গালিবের মায়ের শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় নিয়ে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, বগুড়া শহরকে নিরাপদ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ ক্ষেত্রে দলমত নির্বিশেষে অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। অপরাধে জড়িত কেউ দলীয় পরিচয়ের হলেও ছাড় দেওয়া হবে না।
চাকরির নিয়োগপত্র পেয়ে ইয়াসমিন খাতুন বলেন, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। বিপদের সময় এম আর ইসলাম স্বাধীন ভাই আমার পাশে দাঁড়িয়েছেন। এ জন্য তাকে ধন্যবাদ জানাই। আমার আর্থিক অবস্থা ভালো ছিল না। স্বামী মারা যাওয়ার পর ছেলেকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছি। কিন্তু ছেলেকেও হারাতে হলো। তিনি আরও বলেন, আমার থাকার মতো নিজের কোনো বাড়ি বা ঘর নেই। মেয়েকে নিয়ে অন্যের বাসায় থাকি। এই চাকরি পেয়ে আমি অনেক খুশি। তবে যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের বিচার চাই। এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুজ্জামান।
