দীর্ঘায়ুর জন্য জীবনযাত্রার পরিবর্তন ও প্রতিরোধমূলক চিকিৎসায় গুরুত্ব

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার মাধ্যমে সুস্থ ও দীর্ঘ জীবনযাপন সম্ভব বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শুধু আয়ু বাড়ানো নয়, দীর্ঘ সময় সুস্থ, কর্মক্ষম ও সক্রিয় থাকাকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য ও দীর্ঘায়ু বিষয়ে সহযোগিতার উদ্যোগ নিয়েছে থাইল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান জেনেসেন গ্রুপ এবং চট্টগ্রামের খুলশী ক্লাব লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) নগরের খুলশী ক্লাব লিমিটেডে আয়োজিত 'চট্টগ্রাম ওয়েলনেস, দীর্ঘায়ু ও স্বাস্থ্যশিক্ষা দিবস' অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে সহযোগিতা করেছে রিজুভা ওয়েলনেস। '১০০ বছর পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকা: সুস্থতা, দীর্ঘায়ু ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার ভবিষ্যৎ' প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সুস্থ ও দীর্ঘ জীবনযাপনের আধুনিক বৈজ্ঞানিক ধারণা, রোগ প্রতিরোধে সচেতনতা এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে চিকিৎসাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হচ্ছে রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ ও আগাম স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করা। সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক সুস্থতা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দীর্ঘ ও সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা বলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা, জীবনযাপনের ধরন, পারিবারিক স্বাস্থ্য ইতিহাস ও ব্যক্তিগত প্রয়োজন বিবেচনায় চিকিৎসাসেবা পরিকল্পনার গুরুত্ব বাড়ছে। ব্যক্তির প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বিভিন্ন রোগের ঝুঁকি কমানোর পাশাপাশি জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব।

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য চিকিৎসকদের সঙ্গে ব্যক্তিগত স্বাস্থ্য পরামর্শ এবং স্বাস্থ্যবিষয়ক তথ্য পর্যালোচনার ব্যবস্থা রাখা হয়। বিকেলে ওয়েলনেস ও দীর্ঘায়ু বিষয়ে বিশেষ বৈজ্ঞানিক সেমিনার ও শিক্ষামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সুস্থভাবে দীর্ঘ জীবনযাপন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, আধুনিক সুস্থতা চর্চা এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে ছয়টি বিষয়ভিত্তিক উপস্থাপনা করা হয়। পরে বিশেষজ্ঞদের সঙ্গে অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে স্বাস্থ্য, সুস্থতা ও দীর্ঘায়ু বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিশেষজ্ঞদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতে প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে খুলশী ক্লাবের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল, উপদেষ্টা ডা. এম এ করিম, সদ্য সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সভাপতি আহমেদুল হক আহমেদ, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সহ-সভাপতি নাছির উদ্দিন, সাবেক সহ-সভাপতি বাবু অমল চন্দ্র দাশ, অর্থ সম্পাদক প্রকৌশলী মো. শামসুদ্দিন, নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ আলী ও মো. ফখরুল আলম উপস্থিত ছিলেন। এ ছাড়া জেনেসেন গ্রুপের চিকিৎসক ওম সুচুমফিয়া, প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক পরিচালক ডা. শাহরিয়ার, খুলশী ক্লাবের অন্যান্য সদস্য, চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।