এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে স্বচ্ছতা আনতে ৭ দিনের ট্রাফিক সার্ভে
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে স্বচ্ছতা, নির্ভুলতা ও জবাবদিহি নিশ্চিত করতে সাত দিনব্যাপী ট্রাফিক সার্ভে পরিচালনা করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এ সার্ভে শেষে প্রতিবেদন অনুযায়ী টোল আদায়ের তথ্য জনসাধারণের জন্য প্রকাশ করা হবে। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সেতু ভবনে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানান সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। সভায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায় ব্যবস্থাপনা, যানবাহন চলাচলের তথ্য সংরক্ষণ, ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সফটওয়্যার স্থাপন এবং প্রকল্পের অসমাপ্ত কাজ নিয়ে আলোচনা হয়। সভায় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ঝু শিন ও ঝাং হাইফেং উপস্থিত ছিলেন। সভায় সেতু বিভাগের সচিব বলেন, ট্রাফিক সার্ভে শেষ হওয়ার পর এর প্রতিবেদন অনুযায়ী টোল আদায়ের তথ্য প্রকাশ করা হবে। এর মাধ্যমে প্রকল্পের টোল আদায় কার্যক্রম সম্পর্কে জনসাধারণের তথ্যপ্রাপ্তি সহজ হবে। পাশাপাশি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা নিরূপণ ও টোল আদায়ের তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় লুপ কাউন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে। সভায় এ কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে আধুনিক ও প্রযুক্তিনির্ভর টোল ব্যবস্থাপনা নিশ্চিত করতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) পদ্ধতি দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের বলা হয়। এ ছাড়া প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করেন সেতু বিভাগের সচিব। বিশেষ করে সোনারগাঁওয়ের ইএন-২ র্যাম্পের নির্মাণকাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি। সভায় প্রকল্পের নির্মাণকাজ চলাকালে শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।
