খুলনায় অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী আটক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা ব্যুরো

জেলার কয়রায় অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র, শটগান ও এয়ারগানের বিপুল পরিমাণ গুলিসহ সুন্দরবনের জলদস্যুর দুই সহযোগীকে আটক করেছে এসআরবি-৬। এ সময় পলাতক এক জলদস্যু নেতার বাড়ি থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার এসআরবি'র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার কয়রা থানাধীন ৫নং কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন— কয়রা এলাকার কেরামত গাজীর ছেলে হাফিজুর রহমান (৩৭) এবং জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬)। এ ঘটনায় পলাতক রয়েছেন জলদস্যু নেতা ইয়াদ আলীপাড়। তিনি কয়রার মহরালী পাড়ের ছেলে।

এসআরবি-৬, স্পেশাল কোম্পানি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে হাফিজ ও রহিমকে আটক করা হয়।

পরে হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যু নেতা ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে দস্যুতার কাজে ব্যবহৃত ৪টি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাফিজ জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে সহযোগিতা করতো। অন্যদিকে, আব্দুর রহিম জলদস্যুদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও রশদ পৌঁছে দেওয়ার পাশাপাশি এলাকায় অবস্থান করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি সম্পর্কে দস্যুদের তথ্য দিয়ে সহায়তা করতো। অভিযান সংশ্লিষ্টরা জানান, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, মাদককারবারিসহ চাঞ্চল্যকর অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।