চট্টগ্রামে ছয় দিনব্যাপী ফার্নিচার মেলা আগামীকাল থেকে শুরু

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ১৫তম 'চট্টগ্রাম ফার্নিচার এক্সিবিশন ২০২৬'। নগরের জিইসি কনভেনশন সেন্টারে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে বর্ণাঢ্য এ মেলা। এবারের মেলায় অংশ নিচ্ছে দেশের স্বনামধন্য ২৬টি ফার্নিচার প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা। আজ রোববার দুপুরে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চট্টগ্রাম বিভাগের সভাপতি মাকসুদুর রহমান বলেন, 'আমদানি নির্ভরতা কমিয়ে দেশের ফার্নিচার শিল্পকে একটি রপ্তানিমুখী শিল্পে পরিণত করাই আমাদের অন্যতম লক্ষ্য। ইউরোপসহ বিশ্ব বাজারে প্রতিযোগিতার জন্য প্রস্তুত আমরা। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ছয়টি ফার্নিচার প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছিল। সেখানেও চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। এরইমধ্যে অনেক বড়বড় নামকরা প্রতিষ্ঠান ফার্নিচার রপ্তানি করছে। সঠিক সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি অন্যতম বৃহৎ রপ্তানি খাতে পরিণত হবে। সবার ঐকান্তিক প্রচেষ্টায় ফার্নিচার আমদানি এখন প্রায় শূন্যের কোঠায় নেমেছে। চট্টগ্রামে বৃহৎভাবে মেলা করার মতো কোনো অবকাঠামো নেই। দেশীয় শিল্প পণ্য প্রদর্শন করার মতো আন্তর্জাতিক মানের এক্সিবিশন সেন্টার নেই। এটা চট্টগ্রামের প্রতি বিমাতাসুলভ আচরণ।

এটা ছাড়া তো চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা যায় না। লিখিত বক্তব্যে মেলা কমিটির আহ্বায়ক এম নাছের বলেন, 'বিশ্বমানের ডিজাইনের সঙ্গে তাল মিলিয়ে দেশীয় ফার্নিচার প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোও আন্তর্জাতিক মানের আসবাবপত্র তৈরি করছে। এই সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে এবং দেশীয় পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়াতে এ মেলার আয়োজন করা হয়েছে।' বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চিটাগাং ইভেন্টস। সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। মেলা উদ্বোধন করবেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ সরকার ও মহাসচিব এ করিম মজুমদার। মেলায় ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফারের ব্যবস্থা রাখা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা নুর উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন চৌধুরী দুলাল, মেলা কমিটির সদস্য সচিব আল মোহাম্মদ ইকবাল, সদস্য সৈয়দুর রহমান আজিজ, মো. জসিম উদ্দিন, মো. ইয়াছিন, যোবাইর হোছাইন, মহিউদ্দিন চৌধুরী, ওসমান গণি সুমন, চিটাগাং ইভেন্টসের চেয়ারম্যান ফারহানা সাবরিন রিমা, ব্যবস্থাপনা পরিচালক তাসরিনা উদ্দিন ও প্রধান নির্বাহী মনজুরুল ইসলাম রায়হান।