খুলনার সন্ত্রাসী ইমরান চার সহযোগীসহ ঢাকায় গ্রেপ্তার অস্ত্র উদ্ধার

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা ব্যুরো

খুলনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমরানকে চার সহযোগীসহ গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল রোববার ভোরে ঢাকার মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

এসআরবির দাবি, গ্রেপ্তার ইমরান খুলনার আলোচিত সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী ও শুটার। খুলনার আদালত চত্বরে প্রকাশ্যে জোড়া খুন এবং রূপসার আলোচিত জয় ঢালী ও তার বাবা আক্তার ঢালী হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন তিনি। এ ছাড়া তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ইমরান রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার সহযোগীরা হলেন— রূপসার আইচগাতি ইউনিয়নের আনোয়ার খানের ছেলে ইমন খান, রাজাপুর গ্রামের আবদুর রশিদের ছেলে আল আমিন, বাহাপুর এলাকার রুহুল মুন্সির ছেলে রফিকুল ইসলাম ও আইচগাতি এলাকার আব্দুল হালিম সিকদারের ছেলে হানিফ সিকদার।

এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, ইমরান খুলনার সন্ত্রাসী গ্রুপ বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর শুটার হিসেবে কাজ করতেন। তিনি খুলনার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় বি-কোম্পানির চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন।

তাকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল। তিনি আরও বলেন, এসআরবি-২-এর সহযোগিতায় ইমরান ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।