রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুরে পৃথক অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)। অভিযানে তালিকাভুক্ত দুই কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়। গতকাল রোববার এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তালিকাভুক্ত কিশোর গ্যাং 'ফালান গ্রুপের' সক্রিয় সদস্য ও দুই মামলার আসামি মো. ইমরান (২৩) এবং তার সহযোগী সোহাগকে (২৫) একটি সুইচ গিয়ার চাকুসহ গ্রেপ্তার করা হয়।
একই রাতে পৃথক অভিযানে রায়েরবাজারের পাবনা হাউজিং গলি থেকে তালিকাভুক্ত কিশোর গ্যাং 'কান্তা ফিরোজ গ্রুপের' সক্রিয় সদস্য ও দুই মামলার আসামি জিহাদ (২৪) এবং তার সহযোগী রাব্বিকে (২৫) একটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়। মেজর এম মুবীন রহমান তাপস আরও জানান, প্রাথমিক তথ্যানুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানা এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়া, পথচারীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া এলাকায় ত্রাস সৃষ্টি ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
