আলেমের মৃত্যু জগতের মৃত্যু
নাঈমুল হাসান তানযীম
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

সময় যত সামনের দিকে এগুচ্ছে ততই যেন পৃথিবী থেকে ভালো মানুষদের সংখ্যা কমে যাচ্ছে। আমরা হারাচ্ছি আমাদের মহিরুহদের। যাদের সুশীতল ছায়ায় আমাদের প্রাণ জুড়াত। চলার পথে নিশ্চিন্ত থাকতাম এই ভেবে যে, আমাদের মাথার ওপর আছে কতগুলো নির্ভরতার হাত। কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যেই যেন আমরা হারিয়ে ফেলছি আমাদের মহান অভিভাবকদের। এসব থেকে এটাই প্রতীয়মান হয় যে, কেয়ামত সংঘটিত হওয়ার আর বেশি দেরি নেই। দুনিয়া থেকে তাদের বিদায় হওয়া মানে, দ্বীন ও দুনিয়ার অপূরণীয় ক্ষতি হওয়া। যে ক্ষতি কিছুতেই পূরণ হওয়ার নয়। আলেমগণের চলে যাওয়া মানেই হলো, আল্লাহ তায়ালার পৃথিবীকে ধ্বংস করার ইচ্ছা করা। আর পৃথিবী তখনই ধ্বংস হবে, যখন পৃথিবী থেকে চিরতরে সৎ ও মহান ব্যক্তিরা চলে যাবেন।
প্রখ্যাত সাহাবি হজরত সাঈদ ইবনে যুবায়ের (রা.)-কে এক ব্যক্তি প্রশ্ন করেছিল- বনি আদম ধ্বংস হওয়ার আলামত কী? জবাবে তিনি বলেন, তাদের উলামাদের মৃত্যুই তাদের ধ্বংস হওয়ার আলামত। (তাহযীবুল কামাল)।
রাসুল (সা.) এরশাদ করেছেন : ‘আল্লাহতায়ালা হঠাৎ করে এই ইলম বান্দাদের থেকে ছিনিয়ে নেবেন না; বরং উলামাদের ওঠানোর দ্বারা ইলম উঠিয়ে নেবেন। এক পর্যায়ে যখন কোনো আলেম থাকবে না, তখন মানুষ মূর্খ লোকদের নেতা বানিয়ে নেবে। তারা না জেনে ইসলামের বিধি-বিধান বর্ণনা করবে। ফলে নিজেরাও গোমরাহ হবে। অন্যদেরও গোমরাহ করবে। (বোখারি)।
রাসুল (সা.) আরও এরশাদ করেন, ‘ওলামাদের দৃষ্টান্ত ওইসব তারকার মতো যাদের দ্বারা স্থলে ও জলের অন্ধকারে পথের দিশা পাওয়া যায়। আর যখন তারকাগুলো আলোহীন হয়ে পড়ে, তখন পথচারীর পথ হারানোর আশঙ্কা থাকে।’ (মুসনাদে আহমদ)।
আলেমসমাজ হলেন নবীদের উত্তরাধিকারী। বর্ণিত হয়েছে, ‘নিশ্চয় আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিশ।’ (বোখরি)। একজন প্রকৃত আলেমের সুমহান মর্যাদা রয়েছে আল্লাহর কাছে। পৃথিবীর মানুষেরা যদিও তাদের সম্মান ও মর্যাদা না দেয়; প্রকৃতপক্ষে যিনি এ সম্মান ও মর্যাদার মালিক তার কাছে ঠিকই তারা মহান এবং মর্যাদাবান। একজন আলেমের মৃত্যুবরণ করা মানে একটি জাতির মৃত্যুবরণ করা। একটি সুন্দর সুশৃঙ্খল কল্যাণময় সমাজ বিনির্মাণে একজন আলেমের যে ভূমিকা, গোটা একটা জাতি মিলেও তা শোধ করতে পারবে না। তাই আসুন, আলেমণ্ডউলামাদের যথাযথ সম্মান ও শ্রদ্ধা করি, তাদের সংস্পর্শে সাজাই আমাদের জীবন-জিন্দেগি। তবেই আমরা সফল হব উভয় জগতে। হাশর মাঠের কঠিনতম সময়ে লাভ করতে পারব তাদের সুপারিশও। আল্লাহতায়ালা আমাদের তৌফিক দান করুন। আমিন!
লেখক : শিক্ষার্থী, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা
