মুফতি মাহবুবুর রহমান
সিনিয়র শিক্ষক, জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম, গওহরডাঙ্গা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

প্রশ্ন : চিকিৎসার জন্য একজনের রক্ত অন্যজনের শরীরে দেওয়ার অনুমতি আছে কী?
উত্তর : একজনের রক্ত অন্যজনের শরীরে প্রবেশ করালে মানুষের শরীরের অংশ দ্বারা উপকৃত হওয়া সাব্যস্ত হয়; অথচ মানব দেহাংশ দ্বারা উপকৃত হওয়া হারাম। পক্ষান্তরে অন্যের রক্ত পুশ করা ছাড়া যদি প্রাণ রক্ষা করা দুরূহ হয়, তাহলে প্রয়োজন অনুপাতে রক্ত ব্যবহারের অবকাশ রয়েছে।
(ফতোয়ায়ে আলমগিরি : ৫/৩৫৪)।
প্রশ্ন : যদি কোনো মেয়েকে কোনো ছেলে বা ছেলেকে মেয়ে রক্ত দেয়, তাহলে কী তাদের মধ্যে বিয়ে জায়েজ হবে?
উত্তর : হ্যাঁ, বিয়ে জায়েজ হবে। কেননা বিয়ে নিষিদ্ধ হয় তিন কারণে- ১. বংশীয় সম্পর্ক, ২. দুধের সম্পর্ক, ৩. বৈবাহিক সম্পর্ক। একজন অপরজনকে রক্ত দিলে এ তিন সম্পর্কের কোনোটিই প্রতিষ্ঠিত হয় না। তাই রক্ত দেওয়ায় বিয়েতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। (জাওয়াহিরুল ফিকহ : ২/৩৯)।
প্রশ্ন : অসুস্থতার কারণে স্ত্রীর দেহে স্বামীর রক্ত বা স্বামীর দেহে স্ত্রীর রক্ত প্রদান করলে বিয়েবিচ্ছেদ হয়ে যাবে কী?
উত্তর : অসুস্থতার কারণে প্রাণনাশের ভয় হলে স্ত্রীর দেহে স্বামীর রক্ত বা স্বামীর দেহে স্ত্রীর রক্ত দেওয়া যাবে। বিয়ের কোনো ক্ষতি হবে না। (ফতোয়ায়ে শামি : ৪/৯৯)।
প্রশ্ন : কোনো মুসলমানের শরীরে অমুসলিমের রক্ত প্রদান করলে সেই মুসলমান অমুসলিম হয়ে যাবে কী? তার বা তার সন্তানদের মধ্যে অমুসলিমের স্বভাব আসবে কী?
উত্তর : কোনো মুসলমানের দেহে অমুসলিমের রক্ত দেওয়ায় মুসলমান ব্যক্তি অমুসলিম হবে না। তার বা তার সন্তানদের মধ্যে অমুসলিমের স্বভাবও আসবে না। (ফতোয়ায়ে শামি : ৪/৩৯৭)।
প্রশ্ন : যেকোনো প্রয়োজনে রক্ত বিক্রি করা বা রক্ত দিয়ে তার থেকে কোনো টাকা-পয়সা গ্রহণ করা যাবে কী?
উত্তর : রক্ত বিক্রি করা জায়েজ নেই। বিশেষ প্রয়োজনে তা বিনামূল্যে আদান-প্রদান করা যেতে পারে। কোনোভাবেই তা ব্যবসার মাধ্যম বানানো বৈধ হবে না। তবে কাউকে রক্ত দিতে গেলে যদি কোনো টাকা খরচ হয়, তাহলে খরচ পরিমাণ টাকা নেওয়া যেতে পারে। অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। (বাদায়েউস সানায়ে : ৪/৩৩৩)।
প্রশ্ন : যদি রোগীকে বিনামূল্যে রক্ত দেওয়ার মতো কেউ না থাকে, তাহলে কী তার জন্য রক্ত ক্রয় করা জায়েজ হবে?
উত্তর : রোগীর যদি বিনামূল্যে রক্ত পাওয়ার কোনো সুযোগ না থাকে, তাহলে তার জন্য রক্ত ক্রয় করা জায়েজ হবে; কিন্তু রক্ত প্রদানকারীর জন্য রক্তের মূল্য গ্রহণ করা জায়েজ হবে না।
(ফাতোয়ায়ে শামি : ৫/১৫)।
