খেলাপি ঋণ এখন ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের ভয়াবহ চাপ আরও প্রকট হয়েছে। মাত্র এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে উঠে এসেছে এ উদ্বেগজনক চিত্র। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, গত সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট ঋণ বিতরণ হয়েছে ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। গত বছরের একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা, যা ছিল মোট ঋণের ১৬ দশমিক ৯৩ শতাংশ। এছাড়া তিন মাস আগে জুন শেষেও পরিস্থিতি কিছুটা কম ছিল। গত জুনে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৮ হাজার ৩৪৫ কোটি টাকা। মোট বিতরণকৃত ঋণের ৩৪ দশমিক ৪০ শতাংশ। তারও আগে মার্চে খেলাপির হার ছিল ২৪ দশমিক ১৩ শতাংশ।
