এনআরবিসি ব্যাংক-ডিআরইউ শিক্ষাবৃত্তি পেলেন প্রয়াত সাংবাদিকদের সন্তানরা

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কর্মরত থাকাকালীন বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী সাংবাদিকদের সন্তানদের লেখাপড়ার জন্য শিক্ষাবৃত্তি দিয়েছে এনআরবিসি ব্যাংক-ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ডিআরইউয়ের প্রয়াত ৩৩ জন সদস্যের সন্তানদের জনপ্রতি মাসিক ৩ হাজার টাকা হারে বার্ষিক ৩৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে। গতকাল বৃহস্পতিবার ডিআরইউ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃত্তির চেক হস্তান্তর করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এ সময় এনআরবিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, কমিউনিকেশন বিভাগের প্রধান মো. হারুন-অর-রশিদ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, কল্যাণ সম্পাদক রফিক মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন। এই বৃত্তি প্রদানের জন্য এনআরবিসি ব্যাংক সর্বমোট ১১ লাখ ৮৮ হাজার টাকা অর্থ সহায়তা করবে। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, উন্নত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প। সব পর্যায়ের মানুষদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। এনআরবিসি ব্যাংকের ডিএমডি মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান বলেন, সাংবাদিকেরা জাতির বিবেক। তাদের লেখনীর মাধ্যমে অসংগতিগুলো যেমন বেরিয়ে আসে তেমনি উন্নয়নের পথনকশাও পাওয়া যায়। আমরা এনআরবিসি ব্যাংক সমাজের একেবারে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে কাজ করছি। আমাদের বিস্তৃত প্রায় ৬০০ নেটওয়ার্কের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে অর্থায়ন করে তাদের আর্থিক উন্নয়নে কাজ করছি। পাশাপাশি সিএসআর তহবিলের আওতায় শিক্ষা ও চিকিৎসায় সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তসহ অসহায় মানুষদের কল্যাণে অর্থ ব্যয় করা হচ্ছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি