বিদেশে বাড়ছে বাংলাদেশি ফলের চাহিদা
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন জাতের ফলের চাহিদা বাড়ছে বিদেশে। এর প্রতিফলন দেখা যাচ্ছে রপ্তানি আয়ে। রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) তথ্য বিশ্লেষণে এমন চিত্রই উঠে এসেছে। ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২১-২০২২ অর্থবছরে ফল রপ্তানি করে বাংলাদেশ যেখানে মাত্র শূন্য দশমিক ৫৮ মিলিয়ন ডলার আয় করেছিল, সেখানে ২০২৪-২০২৫ অর্থবছরে সেই আয় বেড়ে দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৫১ মিলিয়ন ডলারে। অর্থাৎ, মাত্র তিন বছরের ব্যবধানে বাংলাদেশের ফল রপ্তানি আয় প্রায় ১১৬ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইং উপ-পরিচালক (রপ্তানি) মফিদুল ইসলাম বলেন, কাঁঠাল, আনারসসহ নানা জাতের ফল বাংলাদেশ থেকে নিতে চায় অনেক দেশ। বিদেশে ক্রমেই বাংলাদেশের উৎপাদিত ফলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো’র নীতি ও পরিকল্পনা বিভাগের পরিচালক আবু মোখলেস আলমগীর হোসাইন কৃষি পণ্যের রপ্তানি সম্প্রসারণ বিষয়ে বাসস’কে বলেন, কৃষি পণ্যের রপ্তানির ক্ষেত্রে আমাদের ডেডিকেটেড কোনো কার্গো বিমান নেই। যাত্রীদের বিমানে করে কৃষি পণ্য বহির্বিশ্বে রপ্তানি হয়ে থাকে। শাকসবজিসহ পচনশীল কৃষি পণ্য রপ্তানি করতে যে ফ্যাসিলিটেজ প্রয়োজন, সেই ফ্যাসিলিটি নেই। তিনি আরও বলেন, উন্নত দেশগুলো কৃষিপণ্যে যে ধরণের স্যানিটাইজেশন মেইন্টেন করে থাকে আমাদের দেশে এর প্রচুর ঘাটতি আছে। গুড অ্যাগ্রিকালচার প্র্যাকটিস খুবই প্রয়োজন। কৃষকদের যদি স্যানিটাইজেশন বিষয়ে আরও বেশি বেশি প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয় তবে আমাদের কৃষি পণ্যের চাহিদা বাড়বে। ইপিবি রপ্তানিকারকদের অ্যাডভোকেসি করে থাকে। কৃষি পণ্য রপ্তানিতে রপ্তানিকারকদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সে বিষয়ে আমরা নিয়মিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে থাকি। এছাড়াও গত দুই বছর কৃষি পণ্যে রপ্তানি আয়ের সূচক নিম্নমুখী থাকলেও এবার তা বৃদ্ধি পেতে শুরু করেছে। ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পণ্যে রপ্তানি আয় হয়েছে প্রায় ১ বিলিয়ন ডলার। ইপিবি’র তথ্যমতে, ২০২০-২০২১ ও ২০২১-২০২২ অর্থবছরে কৃষিতে রপ্তানি আয় ছিল যথাক্রমে ১ দশমিক শূন্য ২ ও ১ দশমিক ১ বিলিয়ন ডলার।
