পুঁজিবাজারের স্টেকহোল্ডারদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা। সাক্ষাতে তারেক রহমানকে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি, নানা জটিলতাসহ ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন স্টেকহোল্ডাররা।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তারেক রহমান পুঁজিবাজার স্টেকহোল্ডারদের সব বিষয় মনোযোগ দিয়ে শোনেন। বিএনপি ক্ষমতায় এলে পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন তারেক রহমান।
ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, গত মঙ্গলবার তারেক রহমানের সঙ্গে আমরা দেখা করেছি। এ সময় পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি, নানা জটিলতাসহ ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেছি। তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। বিএনপি ক্ষমতায় আসলে পুঁজিবাজারের উন্নয়নে কাজ করবেন বলেও জানান।
একই প্রসঙ্গে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে আমরা সৌজন্যে সাক্ষাৎ করেছি। পুঁজিবাজারের সার্বিক বিষয়কে তার সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, বিএনপি ক্ষমতায় আসলে পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে কাজ করবেন।
সৌজন্য সাক্ষাতে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, পরিচালক রিচার্ড ডি’ রোজারিও, মার্চেন্ট ব্যাংকের সেক্রেটারি সুমিত পোদ্দারসহ ডিএসই-সিএসই-ডিবিএ ও মার্চেন্ট ব্যাংকের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
