বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খুলনা কৃষি বিভাগ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
চলতি বোরো মৌসুমে ১২ লাখ ১০ হাজার ২৮৩ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খুলনা কৃষি বিভাগ। খুলনা কৃষি অঞ্চলের চারটি জেলায় শীত এবং কুয়াশা উপেক্ষা করে বোরো ধানের চাষ পুরোদমে এগিয়ে চলেছে।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর মোট ২ লাখ ৬৪ হাজার ৭১৯ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ১২ লাখ ১০ হাজার ২৮৩ মেট্রিক টন ধান। স্থানীয় কৃষকরা এখন জমি এবং বীজতলা প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন। আগামী কয়েক দিনের মধ্যেই পূর্ণ মাত্রায় চারা রোপণ শুরু হবে। কৃষি বিভাগের এই নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। সূত্র জানায়, গত বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনায় ২ লাখ ৫৭ হাজার ২০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১১ লাখ ৩৮ হাজার ৮৭১ মেট্রিক টন। খুলনা বিভাগে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বোরো ধান রোপণ সাধারণত জানুয়ারির প্রথম দিকে শুরু হয় এবং ফেব্রুয়ারি পর্যন্ত চলতে থাকে। যা জানুয়ারির মাঝামাঝি সময়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এ অঞ্চলে ম্যানুয়াল (হাতে) রোপণ এবং যান্ত্রিক ধান রোপণ যন্ত্র উভয়ই ব্যবহার করা হয়। কিছু এলাকায় যান্ত্রিক ধান রোপণ জনপ্রিয়তা পাচ্ছে। জানা যায়, খুলনা জেলায় ৬৬ হাজার হেক্টর জমির লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যেই ২৮ হাজার ৭৫ হেক্টর জমিতে বোরো চারা রোপণ করা হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ১৫ হাজার ৬০ মেট্রিক টন। একইভাবে বাগেরহাটে ৬৭ হাজার ৬২২ হেক্টর জমির লক্ষ্যমাত্রার বিপরীতে ৩৫ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে।
