বিডার রেমিট্যান্স অনুমোদন সেবা এখন পুরোপুরি অনলাইনে
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এখন থেকে অনলাইনের মাধ্যমে রেমিট্যান্স রেপ্যাট্রিয়েশন বা বিদেশে অর্থ প্রেরণের অনুমোদন দিচ্ছে।
এই সেবার আওতায় রয়্যালটি, টেকনিক্যাল নলেজ, কারিগরি সহায়তা এবং ফ্র্যাঞ্চাইজ ফির মতো পেমেন্ট অনুমোদন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিডার জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মন্ডল এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগে এই সেবাটি কেবল অফলাইনে পাওয়া যেত, কিন্তু এখন প্রযুক্তিগত উন্নয়নের ফলে এটি পুরোপুরি অনলাইনে করা যাচ্ছে। বিনিয়োগকারীরা এখন ডিজিটালি আবেদন করতে পারবেন, আবেদন ট্র্যাক করতে পারবেন, ফি দিতে পারবেন এবং সার্ভিস লেভেল এগ্রিমেন্ট বাবদ ৭ কর্মদিবসের মধ্যে সময়াবদ্ধ সেবা পেতে পারবেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘রেমিট্যান্স অনুমোদনের পুরো প্রক্রিয়াকে ডিজিটাল, দ্রুত ও পরিবেশবান্ধব করার মাধ্যমে আমরা বিনিয়োগকারীদের জন্য আরও সহজ ও জবাবদিহিতামূলক একটি সিস্টেম তৈরি করতে পেরেছি।’ তিনি আরও বলেন, ‘সরকারের BanglaBiz নামের একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হয়েছে, যা বিডা এবং অন্যান্য বিনিয়োগ সংস্থার ওএসএস পোর্টালগুলোর সেবা একত্রিত করছে। জাইকার সহযোগিতায় তৈরি এই প্ল্যাটফর্মে এই মাসের শেষ নাগাদ ২৫টির বেশি সেবা সরাসরি যুক্ত হলে, বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো আরও সহজ ও দ্রুত হবে।’
