ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস সেবা চালু করল ব্র্যাক ব্যাংক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) অনুমোদিত লোকাল ও ফরেন কারেন্সিতে বি-টু-বি লেনদেনের সুবিধা দিতে ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির এই উদ্যোগ দেশের এসএমইদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করবে। গত বুধবার ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্ডগুলো উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম হাসান সাত্তার। এই কার্ড চালু রেগুলেটরি গাইডলাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈদেশিক মুদ্রা লেনদেন সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আন্তর্জাতিক ব্যবসায়িক কার্যক্রমে এসএমইদের আরও সক্ষম করে তুলবে।

ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্বাচিত এসএমই গ্রাহকরা নির্ধারিত এসএমই বিজনেস কোটার আওতায় বৈদেশিক মুদ্রা এন্ডোর্স করতে পারবেন। এই সুবিধার আওতায় বছরে সর্বোচ্চ ৩,০০০ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা লেনদেন করা যাবে। কার্ডগুলো দেশে ও বিদেশে পিওএস, এটিএম এবং ই-কমার্স লেনদেনে ব্যবহার করা যাবে। এর ফলে এসএমইদের কার্যক্রমের পরিধি বাড়বে, আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থাপনা ঝামেলাহীন হবে এবং বৈশ্বিক অর্থনীতিতে তাদের সক্রিয় অংশগ্রহণ আরও ত্বরান্বিত হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি