সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখল বাংলাদেশ পর্যটন কর্পোরেশন

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বাপক) ২০২৪-২৫ অর্থবছরেও অপারেটিং লাভ করেছে প্রায় ২২ কোটি টাকা। সম্প্রতি অনুষ্ঠিত সংস্থার ৫৬তম বাণিজ্যিক সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়। আগারগাওস্থ পর্যটন ভবনে দিনব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে সংস্থার সব বাণিজ্যিক ইউনিটের ব্যবস্থাপক ও ইউনিট ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। বাণিজ্যিক সম্মেলনের মূল উদ্দেশ ছিল বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বাণিজ্যিক ইউনিটসমূহের সার্বিক পারফরমেন্স পর্যালোচনা, রাজস্ব আহরণ বৃদ্ধির জন্য ভবিষ্যৎ কৌশল ও লক্ষ্যমাত্রা নির্ধারণ, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও তার বাস্তবসম্মত সমাধান নির্ধারণ এবং ইউনিটে দায়িত্বরত ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীদের পারফরম্যান্সের স্বীকৃতি প্রদানের মাধ্যমে উৎসাহ প্রদান। সকাল ৯টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মিজ নাসরীন জাহান। অপরদিকে সম্মেলনের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সম্মেলনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান মিজ সায়েমা শাহীন সুলতানা।

সম্মেলনের শুরুতে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সংস্থার গত অর্থবছরের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন সংস্থার পরিচালক (বাণিজ্যিক) জামিল আহমেদ। সম্মেলনে সংস্থার বাণিজ্যিক কার্যক্রম আরও জোড়দার করার মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে সুপারিশ ও মতামত প্রদান করা হয়।

সম্মেলনের সমাপনী পর্বে দিনব্যাপী বিভিন্ন ওয়ার্কিং সেশনে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংকলন করে র‌্যাপোটিয়ার্স নোট উপস্থাপন করা হয়। সম্মেলনের সমাপনী পর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মিজ নাসরীন জাহান বলেন, সংস্থার সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বাণিজ্যিক ইউনিটগুলোকে লাভজনক করে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি পর্যটকদের কাঙ্ক্ষিত সেবা প্রদানে বাপকের কর্মকর্তা-কর্মচারীদের সর্বদা সচেষ্ট থাকার নির্দেশনা দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সেবার মান বৃদ্ধিসহ আর্থিক উন্নয়ন নিশ্চিতে সবার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘাটাতে হবে। ইতিবাচক মানসিকতা নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে সংস্থাকে এগিয়ে নিতে হবে। বিদ্যমান সম্পদের সুষ্ঠু ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি