এনবিআর চেয়ারম্যান
পণ্যের দাম বৃদ্ধির প্রধান কারণ ডলারের মূল্যবৃদ্ধি, কর নয়
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, বাজারে ফলসহ আমদানি-নির্ভর পণ্যের মূল্যবৃদ্ধির পেছনে প্রধান কারণ ডলারের মূল্যবৃদ্ধি, কর বা শুল্ক নয়। সরকার আমদানি পণ্যে শুল্ক বাড়ায়নি। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে গতকাল রোববার আগারগাঁওয়ের এনবিআর ভবনে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব বাড়ানোর জন্য গত দেড় বছরে পণ্যে শুল্ক বাড়ানো হয়নি। এটা নিশ্চিত থাকুন, ট্যাক্স কালেকশন বাড়ানোর জন্য গত দেড় বছরে আমরা ট্যারিফ বাড়াইনি। বরং জনস্বার্থে চাল, পেঁয়াজ, আলু, সয়াবিন আমদানিতে ডিউটি কমিয়ে দিয়েছি। আমরা বলেছি এটা জনস্বার্থে প্রয়োজন। বাজারে ফলসহ আমদানি-নির্ভর পণ্যের মূল্যবৃদ্ধির পেছনে প্রধান কারণ ডলারের মূল্যবৃদ্ধি, কর বা শুল্ক নয়। ফল কোনো নিষিদ্ধ পণ্য কি না, ফলের উপর উচ্চকর কেন? জানতে চাইলে তিনি বলেন, কিছু জায়গায় ভুল তথ্য থাকে।
আমরা দেড় বছরে ফলের উপর কোনো ডিউটি বাড়াইনি। বরং ফল আমদানির ওপর আগে ১০ শতাংশ ইনকাম ট্যাক্স ছিল, সেটি কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। একইভাবে খেজুর আমদানির ক্ষেত্রে উল্লেখযোগ্যহারে ডিউটি কমানো হয়েছে।
