বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের সভা
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সুষম খাদ্য হিসেবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং সংশ্লিষ্ট কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে প্রণীত বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩-এর আওতায় গঠিত বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা গতকাল সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পনের সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সভায় বোর্ডের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। বোর্ডের চেয়ারম্যান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, আইনের দ্বারা নির্ধারিত কার্যাবলি সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পাদনের জন্য বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের নিয়মিত সভা আয়োজন অত্যন্ত জরুরি। তিনি বলেন, দেশের মানুষের জন্য নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্য নিশ্চিত করতে হলে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের কার্যক্রম প্রধান কার্যালয়ের গণ্ডি পেরিয়ে দেশব্যাপী বিস্তৃত করতে হবে। এ লক্ষ্যে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন হাব চিহ্নিত করে প্রয়োজনীয় সংখ্যক শাখা কার্যালয় স্থাপন এবং উপযুক্ত জনবল কাঠামো গঠনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
