ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান ম্যাখোঁর

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতায় টিকে থাকতে ইউরোপকে কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে হবে। নাহলে ইউরোপ ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকিতে থাকবে। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। প্যারিস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

লে মোঁদ, দ্য ইকোনমিস্ট ও দ্য ফিন্যান্সিয়াল টাইমসসহ ইউরোপের একাধিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ম্যাখোঁ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের ‘হুমকি’ ও ‘ভীতি প্রদর্শন’ শেষ হয়ে যায়নি। আত্মতুষ্টির বিরুদ্ধে জোরালো আহ্বান জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের বৈঠকের আগে তিনি ইইউর একক বাজারকে ‘সহজ’ ও ‘আরও গভীর’ করার পক্ষে মত দেন। একই সঙ্গে বাণিজ্য অংশীদারিত্ব ‘বৈচিত্র্যময়’ করার কথা বলেন তিনি।

ম্যাখোঁ বলেন, ‘হুমকি ও ভীতি প্রদর্শন করা সত্ত্বেও হঠাৎ ওয়াশিংটন পিছু হটে। আমরা ভাবি বিষয়টি শেষ হয়ে গেছে। কিন্তু এক মুহূর্তের জন্যও তা বিশ্বাস করার মতো নয়। প্রতিদিনই ওষুধ শিল্প, ডিজিটাল প্রযুক্তি নিয়ে হুমকি আসছে।’ তিনি বলেন, ‘যখন প্রকাশ্য আগ্রাসন থাকে, তখন আমাদের নতিস্বীকার করা বা মীমাংসায় পৌঁছানোর চেষ্টা করা উচিত নয়।’ ‘এই কৌশলে আমরা মাসের পর মাস চেষ্টা করেছি। এটি কাজ করছে না। বরং কৌশলগতভাবে ইউরোপের নির্ভরতা বৃদ্ধির দিকে পরিচালিত করছে।’

ম্যাখোঁ জানান, সবুজ ও ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন খাতে ইইউর বছরে প্রায় ১.২ ট্রিলিয়ন ইউরো সরকারি ও বেসরকারি বিনিয়োগ প্রয়োজন। মার্কিন মুদ্রায় যার পরিমাণ প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলার। একই সঙ্গে তিনি নতুন করে যৌথ ইউরোপীয় ঋণের আহ্বান জানান।