৯ বছরের মধ্যে এডিপি ব্যয় বাস্তবায়ন মাত্র ২১ শতাংশ

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বড় ধরনের ধীরগতি দেখা দিয়েছে। অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এডিপিতে ব্যয় হয়েছে ৫০ হাজার ৫৫৬ কোটি ২৯ লাখ টাকা, যা গত ৯ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) গতকাল সোমবার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ২১ দশমিক ১৮ শতাংশ। সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এ হার উল্লেখযোগ্যভাবে কম। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে বাস্তবায়নের হার ছিল ২৭ দশমিক ১১ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে ছিল ২৮ দশমিক ১৬ শতাংশ। এমনকি রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে থাকা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়েও বাস্তবায়নের হার ছিল ২১ দশমিক ৫২ শতাংশ— যা চলতি বছরের চেয়ে সামান্য বেশি। আইএমইডির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে ছাত্র-জনতার অভ্যুত্থান, সরকার পতন ও প্রশাসনিক অস্থিরতার মধ্যেও মন্ত্রণালয় ও বিভাগগুলো এডিপিতে ৫৯ হাজার ৮৭৬ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় করতে সক্ষম হয়েছিল।