অগ্নি সিস্টেমসের শেয়ার কারসাজিতে সাত প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্নি সিস্টেমস পিএলসির শেয়ারদর কারসাজি ও বিভিন্ন ধরনের সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৬ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের এনফোর্সমেন্ট অ্যাকশন বিভাগ গত মাসে এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
বিএসইসির তথ্যানুসারে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০২৪ সালের ২৫ জুন থেকে ১৬ নভেম্বর পর্যন্ত অগ্নি সিস্টেমসের শেয়ার লেনদেন-সংক্রান্ত কার্যক্রম তদন্ত করে। তদন্তে দেখা যায়, ওই বছরের ২৫ জুন ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৪ টাকা ৫০ পয়সা। এরপর থেকে শেয়ারটির দর ধারাবাহিকভাবে বাড়তে থাকে। ১৬ নভেম্বর শেষে শেয়ারটির দর দাঁড়ায় ৩২ টাকায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩০ দশমিক ৬১ শতাংশের বেশি।
