মেঘনা পেট্রোলিয়ামের আর্থিক হিসাবে গরমিল পেয়েছে নিরীক্ষক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ভ্যাট হিসাবে গরমিল পেয়েছে আর্থিক হিসাব মূল্যায়নকারী নিরীক্ষক। একইসঙ্গে কোম্পানিটি তাদের আর্থিক হিসাব প্রস্তুত করার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নির্দেশনাও যথাযথ পালন করেনি। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) কাছে কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে এমন সব অসংগতির কথা জানিয়েছে নিরীক্ষক। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। নিরীক্ষক জানিয়েছেন, মেঘনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষ ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে সরকার ৫২ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার টাকা ভ্যাট বাবদ পাওনা রয়েছে বলে উল্লেখ করেছে। তবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির ভ্যাট রিটার্নের (মূসক ৯.১) সঙ্গে পাওনা হিসাবের ৩ লাখ ২০ হাজার টাকার গরমিল রয়েছে। নিরীক্ষক আরও জানিয়েছেন, কোম্পানিটির আর্থিক হিসাবে পণ্য বিক্রি বা টার্নওভার দেখিয়েছে ২৯ হাজার ৩৪৭ কোটি ৭৪ লাখ টাকা।
