পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না : অর্থমন্ত্রী
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না উল্লেখ করে নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়। গতকাল বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম দিনের অফিস করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে যেটা সমস্যা আমাদের একচুয়ালি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একেবারে খুব খারাপ অবস্থা। আমাদেরকে প্রথমে এড্রেস করতে হবে যে ইনস্টিটিউশনগুলোকে রিকভার করতে হবে। ইনস্টিটিউশনগুলোর মধ্যে প্রফেশনালিজম আনতে হবে, স্বচ্ছতা আনতে হবে, এফিশিয়েন্সি আনতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এগুলার এবসেন্সে অনুপস্থিতিতে আমরা যত বড়ই প্রোগ্রাম নেই এগুলো কাজ করবে। এটা হচ্ছে এক নাম্বার।
তিনি বলেন, দ্বিতীয় কথা হচ্ছে এই অর্থনীতিকে আমি আমরা যেটা বলেছি গণতন্ত্র করতে হবে। একটি পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না। তৃতীয় কথা হচ্ছে এটা সফলভাবে করতে হলে আমাদের সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। বাংলাদেশ একটি ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে। এটা হয়েছে পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে করতে, ওভার রেগুলেটেড কান্ট্রি হচ্ছে। আমাকে সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। লিবারলাইজেশন করতে হবে। লেভেল প্লেয়িং ফিল করতে হবে। যাতে সবার সমান অধিকার থাকে। অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে সবার কাছে যায়, বলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
