আমরা কথা কম বলে কাজ বেশি করতে চাই

বললেন অর্থমন্ত্রী

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হলো। আমি সময় নিয়ে কথা বলি। আজকে সবেমাত্র মন্ত্রণালয়ে আসলাম। সবকিছু রিভিউ করি তারপরে কথা বলি। আমরা কাজে বিশ্বাসী। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকাল রোববার আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথম অফিস করেন তিনি। এসময় পরিকল্পনা নিয়ে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে মন্ত্রী এসব কথা বলেন।

আসন্ন পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমি কথা কম বলি কাজ বেশি করি। সবেমাত্র এখানে এসে বসলাম। আমার কর্মকর্তাদের সঙ্গে বসে সব কিছু জানি তারপর কথা বলি। আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য দিতে চাই। মন্ত্রী আরও বলেন, অনটাইম আপনারা সব কিছু জানতে পারবেন। আমি কিন্তু প্রেস ফ্রেন্ডলি আপনারা সবাই জানেন। আমি সবকিছু আগে রিভিউ করি তারপরে কথা বলি।

সপ্তাহে কতদিন পরিকল্পনা মন্ত্রণালয়ে অফিস করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন দপ্তরে কেমন চাপ এটা আগে রিভিউ করি তারপরে সিদ্ধান্ত। আমি প্রেস ফ্রেন্ডলি ম্যান সবকিছু টাউম টু টাইম জানতে পারবেন। পরিকল্পনা মন্ত্রণালয়-কমিশনের সচিবেরা মন্ত্রীকে ফুল দিতে এলে মন্ত্রী বলেন, ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজ করার সময়। ফুল দেওয়া অনেক হয়েছে আর নয় এখন কাজে মনোযোগী হতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, পরিকল্পনা বিভাগের সচিব এসএম শাকিল আখতার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।