মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত কর্মশালা আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি হিসেবে ৫২-এর ভাষা আন্দোলনে যারা ভাষার জন্য জীবন দিয়েছেন তাদেরসহ দেশের সব শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি সব দপ্তর সংস্থার প্রতিনিধিদের বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী মার্চ থেকে আগস্ট পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক যেসব কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব, তার সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রস্তুতের জন্য অনুরোধ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাচনি ইশতেহারের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ১৫টি বিষয় নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। এরমধ্যে সুনির্দিষ্টভাবে ৫টি মৎস্য অধিদপ্তরের, ৫টি প্রাণিসম্পদ অধিদপ্তরের এবং বাকি ৫টি মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর বাস্তবায়ন করবে। কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষে ইশতেহার অনুযায়ী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন মন্ত্রণালয়ের উপসচিব, মো. আব্দুল জলিল। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাচনী ইশতেহারে পাঁচটি অধ্যায় রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো নারীর ক্ষমতায়ণ, শূন্য পদে মেধার ভিত্তিতে নিয়োগ এবং বিভিন্ন প্রকল্প ব্যয়ের রিয়েল টাইম মূল্যায়ন ও স্পষ্ট হিসাব ইত্যাদি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি