দাম বাড়ার সর্বোচ্চ সীমায় দুই ডজন প্রতিষ্ঠান, সূচকের বড় লাফ
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পতন কেটে ঊর্ধ্বমুখী ধারায় ফেরার ইঙ্গিত দিচ্ছে শেয়ারবাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বস্ত্র, তথ্য প্রযুক্ত, বিদ্যুৎ ও জ্বালানি, ওষুধ, মিউচুয়াল ফান্ডসহ সবকটি খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে দুই ডজনের বেশি প্রতিষ্ঠান। দাম বড়ার তালিকায় স্থান করে নিয়েছে প্রায় সাড়ে ৩০০ প্রতিষ্ঠান। ফলে প্রধান মূল্যসূচক বেড়েছে প্রায় ১০০ পয়েন্ট। সেইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)-ও ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। ফলে দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। গত সপ্তাহের প্রথম কার্যদিবস শেয়ারবাজারে বড় উত্থান হয়। একদিনে ডিএসইর প্রধান সূচক বাড়ে ২০০ পয়েন্ট। তবে পরের চার কার্যদিবস টানা দরপতন হয়। আর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস মূল্যসূচক সামান্য বাড়লেও, দাম কমার তালিকায় ছিল বেশি প্রতিষ্ঠান। এ পরিস্থিতিতে গতকাল সোমবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় অধিকাংশ ব্যাংকের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। লেনদেনের শেষ পর্যন্ত ব্যাংক কোম্পানিগুলোর শেয়ার দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। যার ইতিবাচক প্রভাব পড়ে আর্থিক প্রতিষ্ঠান, বিমা, বস্ত্র, তথ্য প্রযুক্তসহ অন্যান্য খাতের ওপর। ফলে সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবকটি মূল্যসূচকের বড় উত্থান দিয়েই দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২১টির। আর ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় থাকা ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম একদিনে যতটা বাড়া সম্ভব ততটাই বেড়েছে।
