সাত মাসে রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, লক্ষ্যমাত্রার তুলনায় আদায়ের এই বড় ব্যবধান নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ২ লাখ ৮৩ হাজার ৭৫১ কোটি টাকা। তবে এ সময়ে এনবিআর আদায় করতে পেরেছে ২ লাখ ২৩ হাজার ৬৩৮ কোটি টাকা। অর্থাৎ, ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৬০ হাজার ১১৩ কোটি টাকা। যদিও গত অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৯০ শতাংশ, তবুও বিশাল লক্ষ্যমাত্রার সামনে তা অপর্যাপ্ত। চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে সবচেয়ে বড় ঘাটতি হয়েছে আয়কর খাতে। এ খাতে ঘাটতি ২৮ হাজার ৯২৫ কোটি টাকা। আমদানি পর্যায়ে ঘাটতি হয়েছে ১৫ হাজার ৬৮৩ কোটি টাকা।