কৃষি মার্কেটে র্যাবের অভিযানে ৫১ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং-এর লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালিয়েছে র্যাব-২ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে মোহাম্মদপুর কৃষি মার্কেটে মোবাইল কোর্ট অভিযানে ১৪টি দোকানে প্রায় ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে র্যাব-২ এর সিইও খালেদুল হক হাওলাদার জানান, জনদুর্ভোগ লাঘবে নিরাপদ খাদ্য পণ্য নীতিতে সরকার বিভিন্ন আইন প্রণয়ন করেছে।
এই আইনগুলোর মধ্যে রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, রয়েছে নিরাপদ খাদ্য আইন ২০১৩, রয়েছে বিএসসিআই আইন, রয়েছে বিশেষ ক্ষমতা আইন। এছাড়াও পণ্য বিক্রয় আইন। প্রতিটি আইনে জনগণের নিরাপদ খাদ্য এবং ভেজাল মুক্ত খাদ্য বিক্রির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ব্যবসাটা হবে আইনের মধ্য থেকে।
যারা বাজারে সিন্ডিকেট করেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে অবৈধভাবে মুনাফা অর্জন করে, তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান। তিনি বলেন, আমরা কোন সিন্ডিকেটকে বাজারে কৃত্রিম সংকট করতে দেব না।
