সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের তিন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের বিজয় নগর শাখার সাবেক শাখা ব্যবস্থাপক ইসলামুল হক, সাবেক এফভিপি খন্দকার নূরে ইমাম ও সাবেক ট্রেইনি সহকারী অফিসার জান্নাতুল মাওয়া সুইটির দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণামূলকভাবে ক্ষমতার অপব্যবহার করে একে অন্যের সহযোগিতায় প্রকৃত ব্যক্তিকে আড়াল করে বেনামে হিসাব পরিচালনায় সহযোগিতা করে ব্যাংক কর্মকর্তা হিসেবে অর্পিত দায়িত্ব পালন না করে, ক্ষমতার অপব্যবহারপূর্বক ব্যাংকের নীতিমালা অনুসরণ না করে অসৎ উদ্দেশ্যে ১৪ জন ব্যক্তির নামে ২৩৪টি এফডিআর হিসাব খোলে এবং তা পরবর্তীতে বন্ধ করে মোট ১৬৫ কোটি ৪৫ লাখ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ। আবেদনে আরও বলা হয়, অভিযোগটি অনুসন্ধানের নিমিত্তে নিম্নস্বাক্ষরকারী অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।
