১৭ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিকে সংবর্ধনা দিল বিজিএমইএ
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পোশাক খাত থেকে নির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ মোট ১৭ জনকে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আর্মি গলফ ক্লাবে এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়। পোশাক শিল্প পরিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যকে সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, আমাদের একটাই বক্তব্য, আমাদের শিল্প থেকে যারা সম্মানিত সদস্য জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ- আপনারা যেমন আপনাদের যার যার এলাকার সমস্যা, উন্নয়ন নিয়ে কথা বলবেন, জাতীয় সমস্যা নিয়ে কথা বলবেন, সঙ্গে সঙ্গে আমাদের এই শিল্প নিয়েও কথা বলবেন। তিনি বলেন, প্রতিনিয়ত আমাদের শিল্পের যে সমস্যাগুলো আমরা অনুধাবন করছি, সেই সমস্যাগুলো ফেস করছি, সেগুলো নিয়ে আপনারা সংসদে আপনাদের বক্তব্য তুলে ধরবেন। কারণ এটা সর্বজনবিদিত যে, এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন হচ্ছে পোশাক শিল্প। সুতরাং, পোশাক শিল্পের উন্নয়ন মানেই হলো বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন।
তিনি আরও বলেন, এখানে পোশাক শিল্পের সঙ্গে সঙ্গে আরও যে আনুষঙ্গিক শিল্প এটাও গড়ে উঠছে। এর বাইরেও আমরা যেটা চাই বাংলাদেশ শুধু একটি মাত্র শিল্প অর্থাৎ পোশাক শিল্পের ওপরে যেন বাংলাদেশের অর্থনীতি নির্ভরশীল না থাকে। এক্সপোর্ট বাস্কেট ডাইভারসিফিকেশন নিয়ে ওনারা যেমন কাজ করবেন, পোশাক শিল্পের সম্মানিত সদস্যরা যখন কাজ করবে, সেজন্য যেন সঠিক এবং গ্রহণযোগ্য পলিসি তৈরি করা যায় সেটার ব্যাপারে আপনারা উদ্যোগ নেবেন।
বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেন, আপনাদের দীর্ঘ অভিজ্ঞতা ও মেধা আমাদের এই শিল্প খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আমরা বিশ্বাস করি আপনাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা জাতীয় সংসদে শিল্প-বাণিজ্যবান্ধব নীতি প্রণয়নে ভূমিকা রাখবে। এটাই আমাদের প্রত্যাশা।
এটা মনে রাখবেন, পোশাক খাত আমাদের শিল্পের প্রাণ। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আমরা সেই সামগ্রিক বাস্তবতা সম্পর্কে আপনাদের অবহিত রাখবো এবং আপনারা আপনাদের মেধা ও প্রজ্ঞার মাধ্যমে এই বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবেন। অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মিলিয়ে ১৭ জনকে সংবর্ধনা দেয় বিজিএমইএ। এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ১৬ জন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা একজন। মন্ত্রীদের মধ্যে রয়েছেন শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর; বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম; গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম; শিল্প, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন জয়নুল আবদিন ফারুক, এরশাদ উল্লাহ, এসএম ফয়সল, মো. খালেদ হোসেন মাহবুব, মো. আবুল কালাম, মো. লুৎফর রহমান, মোহাম্মদ জাকির হোসেন, মো. আব্দুল্লাহ, মো. আবদুল হান্নান, মো. শাহাদাত হোসেন।
