আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে লিটিগেশন ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘লিটিগেশন ম্যানেজমেন্ট ফর স্পিডি রিকভারি অব ক্লাসিফায়েড ইনভেস্টমেন্ট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, খেলাপি ও মন্দ শ্রেণিভুক্ত বিনিয়োগ দ্রুত পুনরুদ্ধার করা ব্যাংকের আর্থিক ভিত্তি সুদৃঢ় এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় অত্যন্ত অপরিহার্য। এ সময় তিনি আইনগত প্রক্রিয়ার যথাযথ অনুসরণ, সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ এবং কার্যকর লিটিগেশন ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ঋণ আদালত ঢাকার যুগ্ম জেলা জজ মো. মোসাররফ হোসেন। এ সময় তিনি খেলাপি বিনিয়োগ পুনরুদ্ধারে আইনগত কাঠামোর কার্যকর প্রয়োগ, মামলা দায়ের ও পরিচালনার সঠিক পদ্ধতি, প্রমাণ উপস্থাপনের গুরুত্ব, আপস-মীমাংসার উদ্যোগ এবং ডিক্রি কার্যকরণের বাস্তব অভিজ্ঞতা বিস্তারিতভাবে উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই’র প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এসএম জুলকার নায়েন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে মোট ৫৫ জন ইনভেস্টমেন্ট ইনচার্জ ও ইনভেস্টমেন্ট কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি