ফ্যাশন ও প্রসাধনী পণ্যে বিনিয়োগ করবেন চীনারা

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চীনা প্রতিষ্ঠান অ্যাডেলিন বিউটি টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি ফ্যাশন ও সৌন্দর্য প্রসাধনী পণ্য উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে, যা হবে বাংলাদেশের বৈচিত্র্যময় রপ্তানি প্রবৃদ্ধিতে আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি গতকাল বুধবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সঙ্গে (বেপজা) একটি চুক্তি স্বাক্ষর করেছে। বেপজা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনা প্রতিষ্ঠানটি উক্ত কারখানা স্থাপনে ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং এর মাধ্যমে প্রায় ৪ হাজার ১৭০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা কর্মসংস্থান বৃদ্ধি ও রপ্তানি বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অ্যাডেলিন বিউটি টেকনোলজি কারখানায় উইগ, আইল্যাশ ও কসমেটিক নেইলসহ বিভিন্ন ধরনের ফ্যাশন হেয়ার ও সৌন্দর্য পণ্য উৎপাদন করবে। উৎপাদিত পণ্য প্রধানত যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, মেক্সিকোসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে। এর মাধ্যমে দ্রুত বিকাশমান বৈশ্বিক বিউটি ও পার্সোনাল কেয়ার খাতে বাংলাদেশের উপস্থিতি আরও সুদৃঢ় হবে।

বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষে অ্যাডেলিন বিউটি টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হ্যাং সান চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন।

নির্বাহী চেয়ারম্যান বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ গন্তব্য হিসেবে নির্বাচনের জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রদানে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বৈচিত্র্যময় ও মূল্য সংযোজনমূলক খাতে আরও চীনা বিনিয়োগের আহ্বান জানান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।