ইস্টার্ণ ইন্সুরেন্স কোম্পানির মাহমুদ জাকিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ইস্টার্ণ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক ডিএমডি মাহমুদ হাসান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জান্নাতুন নেসা জাকিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়, মাহমুদ হাসান এবং জান্নাতুন নেসা জাকিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধন চলছে এবং দুদক-এ সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগের মামলারও তদন্ত চলছে। আবেদনে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তাই, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।
